দুই টেস্টের সিরিজে বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তান দল। প্রথম টেস্টে বাংলাদেশ জিতেছে ১০ উইকেটে, দ্বিতীয় ও শেষ টেস্টে জয় ৬ উইকেটে। রাওয়ালপিন্ডিতে অবিস্মরণীয় সিরিজ জিতে বিসিবির কাছ থেকে মোটা অঙ্কের বোনাস পাচ্ছেন ক্রিকেটাররা। সব মিলিয়ে টাকার অঙ্কটা ৩ কোটি ২০ লাখ।
আগামীকাল বিকেলে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ দলের ক্রিকেটারদের হাতে বিসিবির পক্ষে এই বোনাস তুলে দেবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিসিবি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রিকেটারদের বোনাস দেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।
ক্রিকেটারদের উইনিং বোনাস দেওয়াটা অবশ্য নতুন কিছু নয়। এই রীতি চলে আসছে অনেক আগে থেকেই। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে র্যাঙ্কিং অনুযায়ী একেক দলকে হারালে একেক অঙ্কের অর্থ বোনাস পান খেলোয়াড়েরা। স্বাভাবিকভাবেই টেস্ট জয়ের বোনাস সবচেয়ে বেশি। সিরিজ জিতলে যোগ হয় বাড়তি বোনাস।
গত জুনে সাবেক বোর্ড সভাপতি নাজমুল হাসানের শেষ বোর্ড সভায় বোনাসের অঙ্ক বাড়ানোর পর বর্তমানে র্যাঙ্কিংয়ের ১ থেকে ৬ নম্বর দলের বিপক্ষে টেস্ট জয়ের জন্য ১৫ সদস্যের দলের প্রত্যেক ক্রিকেটার বোনাস পান ৪ লাখ টাকা।
সিরিজ জয়ের জন্য বোনাস আরও ৪ লাখ টাকা করে। পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট জেতায় শুধু টেস্ট ম্যাচ জয়ের জন্যই প্রত্যেক ক্রিকেটারের বোনাস পাওয়ার কথা ৮ লাখ টাকা। সঙ্গে সিরিজ জয়ের বোনাস যোগ হয়ে খেলোয়াড়প্রতি বোনাস হওয়ার কথা ১২ লাখ টাকা করে।
তবে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট জয়ের পর বিসিবি ঘোষণা দেয়, ১০ উইকেটে জেতা ওই টেস্টের বোনাস দ্বিগুণ করে দেওয়া হবে। অর্থাৎ শুধু প্রথম টেস্ট জয়ের বোনাসই এখন ৮ লাখ টাকা। অর্থাৎ পাকিস্তান সিরিজের দলের ক্রিকেটার সংখ্যা ১৫ জন হলে একেকজন ক্রিকেটারের উইনিং বোনাস পাওয়ার কথা ১৬ লাখ টাকা করে।


0 comments:
Post a Comment