গত পাঁচই অগাস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে 'রাষ্ট্র সংস্কারের' দাবি তুলেছে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।
এমন অবস্থায় এই সংস্কার করতে সবার আগে সংবিধান সংশোধনের পরামর্শও দিচ্ছেন। কেউ কেউ আবার বলছেন, এই মুহূর্তে সংবিধান পুনর্লিখন ছাড়া রাষ্ট্র সংস্কার সম্ভব না।
'রাষ্ট্র সংস্কারের' প্রশ্নে বিশ্লেষকরা উদাহরণ হিসেবে টানছেন শেখ হাসিনার ১৫ বছরের শাসন আমলকে।
তারা বলছেন, বর্তমানে বাংলাদেশের সংবিধানে প্রধানমন্ত্রী বা সরকার প্রধানকে এমন কিছু ক্ষমতা দিয়েছে যার মাধ্যমে ওই পদে বসে যে কেউ 'স্বৈরাচারি হয়ে ওঠার' সুযোগ পায়।
এক্ষেত্রে সংবিধান পুনর্লিখনে গণপরিষদ গঠনেরও পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। সংবিধান পুনরায় লেখার জন্য যারা সবচেয়ে বেশি জোরদার দাবি ও যুক্তি তুলে ধরছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন রাষ্ট্র বিজ্ঞানী ও যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলী রীয়াজ
“এই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা হলো, দেশকে স্বৈরশাসনমুক্ত করে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা। জনগণের এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সংবিধানের পুনর্লিখন করতে হবে,” বিবিসি বাংলাকে বলেন অধ্যাপক রীয়াজ।
তাহলে কি সংবিধানে পুনর্লিখন না করে সংশোধন বা রাষ্ট্রের আইনের সংস্কার করে এটি সম্ভব না?
এমন প্রশ্নে কেউ কেউ উদাহরণ টানছেন ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ের সংস্কারের কথা।
অনেকে মনে করছেন, 'জোড়াতালি দিয়ে যদি সংবিধান সংশোধন বা আইনের সংস্কার' করা হলে স্বৈরতন্ত্র রোধ করা সম্ভব না।
তবে এর পাল্টা যুক্তিও আছে। অনেকে বলছেন, গত পাঁচই অগাস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার ক্ষমতাচ্যুত হয়েছে, নতুন দেশ গঠিত হয়নি। তাই সংবিধান পুনর্লিখনের কোন প্রয়োজন আছে বলে তারা মনে করেন না।
সংবিধান বিশেষজ্ঞ শাহদীন মালিক বিবিসি বাংলাকে বলেন, “বৈষম্যহীন রাষ্ট্র গঠনে যা যা দরকার তা বর্তমান সংবিধানেই আছে। বিদ্যমান সংবিধান দিয়েই চাইলেই সংকটের সমাধান সম্ভব”।
পুনর্লিখন বা সংশোধন কেন জরুরি?
১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান প্রণয়ন করা হলেও বিভিন্ন সময়ে তা সংশোধন করেছে রাষ্ট্র ক্ষমতায় থাকা রাজনৈতিক দল ও কিংবা শাসকরা।
বিশ্লেষকরা বলছেন, ২০০৯ সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে শেখ হাসিনা ক্ষমতায় বসার পর গত সাড়ে ১৫ বছরে বিভিন্ন কায়দায় স্বৈরতান্ত্রিক হয়ে উঠেছিলেন।
ক্ষমতাকে পাকাপোক্ত করতে ২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয় তার ইচ্ছাতেই।
রাষ্ট্র বিজ্ঞানী অধ্যাপক রীয়াজ বিবিসি বাংলাকে বলেন, “বাংলাদেশের বর্তমান সংবিধানে ক্ষমতা এককন্দ্রেীক করার সুযোগ এমনভাবে করে দিয়েছে, ভবিষ্যতেও যে কোন ব্যক্তির পক্ষে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব”।
আওয়ামী লীগ সরকারের গত ১৫ বছরেরও বেশি সময়ের কথা উল্লেখ করে তিনি বলছেন, শেখ হাসিনা তার শাসনামলে যে ক্ষমতা চর্চা করেছেন তা সংবিধান তাকে এক অর্থে দিয়েছে।
“যে কারণে এমন একটা অভ্যুত্থানের পর সংবিধান পুনর্লিখন না করে শুধু সংস্কার করে এই সমস্যার সমাধান সম্ভব না,” যোগ করেন তিনি।
তবে, বিদ্যমান সংবিধানেও সংকটের সমাধান সম্ভব বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা।
সংবিধান বিশেষজ্ঞ মি. মালিক বলছেন, “বাংলাদেশের সংবিধানে ১৫৩টি অনুচ্ছেদ আছে। কোনটা সংস্কার করতে চায় কেন করতে চায় এই উত্তর কারও কাছে নেই। যে ধারাগুলো আছে সেটাতে আসলে অসুবিধা কোথায় সেটা তো জানা প্রয়োজন”।
'রাষ্ট্র সংস্কার আন্দোলন' নামে একটি সংগঠনের প্রধান সমন্বয়ক ও সিনিয়র আইনজীবী হাসনাত কাইয়ুম বিবিসি বাংলাকে বলেন, “নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, স্থানীয় সরকার বিভাগসহ এমন বেশ কিছু জায়গায় পরিবর্তন যদি আনা যায় তাহলে এর মাধ্যমে ভবিষ্যতে স্বৈরতান্ত্রিক কাঠামো থেকে বের হয়ে আসা সম্ভব। তবে এটা সংবিধান সংশোধনের মাধ্যমেই করা সম্ভব”।
0 comments:
Post a Comment